ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে যেসব শহর বা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রাজধানী কারাকাসের লা ক্যালিফোর্নিয়া অন্যতম। ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে সেখানকার বাসিন্দা ইউনিছ আরিয়াস এখনো কাঁপছেন।
সংবাদমাধ্যম আলজাজিরাকে আজ বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিছ জানিয়েছেন, তিনি ওই এলাকার একটি মানি এক্সচেঞ্জ অফিসে কাজ করেন। গতকাল সন্ধ্যায় যখন ভূমিকম্পটি আঘাত হানে তখনও অন্য সাধারণ দিনের মতো কাজ করছিলেন।
তিনি বলেন, “গতকাল আমরা অন্য সাধারণ দিনে মতো কাজ করছিলাম। লা ক্যালিফোর্নিয়ায় যখন ভূমিকম্প আঘাত হানল তখন আমি বাইরে যাই। আমি বর্ণনাও করতে পারব না এটি কতটা ভয়ঙ্কর ছিল। পুরো ভবনটি কাঁপছিল। ভবনের কলামগুলো ভাঙার শব্দ হচ্ছিল। সত্যি বলতে এটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল।”
তিনি আরও বলেছেন, “গত বছর লস তেকোসে আমি এমন ভূমিকম্পের কবলে পড়েছিলাম। কিন্তু ওই ভূমিকম্প এটির মতো ছিল না। এর ওপর গতকাল একসঙ্গে দুটি ভূমিকম্প হয়েছে। দ্বিতীয়টি আরও খারাপ ছিল। আমার মনে হচ্ছিল ভবন ধসে পড়ে যাবে।”
এই নারী জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের পর দ্বিতীয় ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন তিনি মাত্রই তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। এরপর আরও ভয়ানক পরিস্থিতিতে পড়েন।
তিনি বলেছেন, “আমি আমার অ্যাপার্টমেন্টে শুধুমাত্র এসেছি। ঠিক তখনই ঘরের বাতিগুলো খুলে পড়ে যেতে শুরু করল। টেলিভিশনটি পড়ে গেলো। আর পানির ট্যাংকগুলো এত ভয়ানকভাবে নড়ছিল যে এগুলোর পানি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। পুরো বিষয়টি বর্ণনাতীত। সত্যি বলতে এটি অনেক ভয়ঙ্কর ছিল।”
সূত্র: আলজাজিরা
এমটিআই
