ইউক্রেনে নতুন করে আবার হামলা চালিয়েছে রাশিয়া। এতে টার্গেট করা হয়েছে দেশটির তিনটি ট্রেন ইঞ্জিন। এছাড়া দুটি পেট্রোল স্টেশনেও হামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) এসব হামলা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এতে এক সহকারী ট্রেনচালক নিহত হয়েছেন।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবকাঠামো লক্ষ্য গত কয়েকমাস ধরে রাশিয়া যেসব হামলা চালিয়েছে নতুন করে তার তীব্রতা বাড়ানো হয়েছে।
দুই দেশই সাম্প্রতিক সময়ে একেঅপরের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য হলো সেনাদের কাছে যেন রসদ সরবরাহ কমে যায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দীর্ঘ পাঁচ বছর ধরে এটি চলছে। এখন দুই দেশই অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।
ইউক্রেনের সরকারি ট্রেন সংস্থার প্রধান নির্বাহী ওলেক্সান্ডার পার্তসোভস্কি ইঞ্জিনে হামলার ব্যাপারে বলেছেন, একটি হামলা হয়েছে উত্তরপূর্বাঞ্চলের সামিতে। অপর দুটি দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়াতে। এরমধ্যে জাপোরিঝিয়াতে এক সহকারী ট্রেনচালক প্রাণ হারান।
তিনি বলেন, “দুজন ক্রুকে সময়তো সরিয়ে নেওয়া হয়। তাদের কেউ আহত হননি। কিন্তু জাপোরিঝিয়াতে তৃতীয় একটি হামলায় একজন প্রাণ হারান। ওই হামলার সময় চালক ট্রেন থেকে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু সহকারী চালক সামনের ক্যাবে ছিলেন। তাকে বাঁচানো যায়নি।”
রুশ সেনারা এখন পর্যন্ত একশরও বেশি ইঞ্জিনে হামলা চালিয়েছে উল্লেখ করে ওলেক্সান্ডার পার্তসোভস্কি বলেছেন, রাশিয়া চায় ইউক্রেনের ট্রেন চলাচল যেন একদম বন্ধই হয়ে যাক।
সূত্র: রয়টার্স
এমটিআই
