বিজ্ঞাপন

দাবদাহে ফ্রান্সে অন্তত ৫৫ জনের মৃত্যু

দাবদাহে ফ্রান্সে অন্তত ৫৫ জনের মৃত্যু

ফ্রান্সে পানিতে ডুবে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৫৫ জন। জার্মানি, নেদারল্যান্ডসসহ ইউরোপের অন্য অনেক দেশেই তীব্র দাবদাহ থেকে মানুষকে বাঁচাতে নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা।

তীব্র গরম থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে ঝুঁকি না নেয়ার বিষয়ে আবার সবাইকে সতর্ক থাকতে বলেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। দাবদাহ শুরু হওয়ার পর থেকে ফ্রান্সে শীতল পানিতে ঝাঁপিয়ে, কিংবা সাঁতার কাটতে গিয়ে এ পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যুবরণের খবর পাওয়া গেছে। সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্সইনফো-কে ক্রীড়ামন্ত্রী বলেন, “পানিতে ডুবে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ৬৫ শতাংশেরও বেশি এমন সব স্থানে ঘটেছে, যেখানে কোনো তদারকির ব্যবস্থা ছিল না, কিংবা যেসব স্থান সাঁতারের জন্য অনুমোদিত নয়।” তিনি বলেন, দাবদাহের সময় মানুষ পানির কাছে যেতেই পারেন, কিন্তু “নিরাপত্তাবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।” সাক্ষাৎকারে মারিনা ফেরারি জানান, দাবদাহের কারণে ফ্রান্সে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের কয়েক হাজার স্কুল এখন বন্ধ৷ রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা ইডিএফ এমন পরিস্থিতিতে স্কুল, নার্সারি এবং ডে-কেয়ার সেন্টারগুলোকে শীতল রাখতে ৮ কোটি ইউরো (৯ কোটি ১২ লাখ ডলার) বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের কয়েক হাজার স্কুল এখন বন্ধ৷ রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সংস্থা ইডিএফ এমন পরিস্থিতিতে স্কুল, নার্সারি এবং ডে-কেয়ার সেন্টারগুলোকে শীতল রাখতে ৮ কোটি ইউরো (৯ কোটি ১২ লাখ ডলার) বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

ইডিএফ জানিয়েছে, এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ব্যয় করে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে ১০ হাজার প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ফ্যান, ঠান্ডা পানির সূক্ষ্ম কণা ছড়ানোর যন্ত্র মিস্টিং ডিভাইস এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হবে।

এদিকে দাবদাহের কারণে প্যারিস প্রাইড প্যারেড সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে৷ এছাড়া লিওঁ শহরে শনিবারে যে প্রাইড মার্চ হওয়ার কথা, তা-ও এখন হচ্ছে না৷ ফ্রান্সের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘আয়োজকরা প্রয়োজনীয় উদ্যোগ নেয়া এবং প্রাথমিক চিকিৎসা-ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া সত্ত্বেও কয়েক লাখ মানুষের সমাগম হয় বলে অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অত্যধিক চাপ পড়তে পারে৷'' বিবৃতিতে আরো বলা হয়, অনুষ্ঠানগুলোতে স্বাস্থসেবাব্যবস্থা ‘‘এমনিতেই তার সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে৷''

জার্মানিতে পোশাকের বিধিমালায় গরমের প্রভাব

তীব্র দাবদাহের কারণে জার্মানির রাজধানী বার্লিনের ফিলহারমোনিক অর্কেস্ট্রা এবারের মৌসুমসমাপনী কনসার্টে পোশাকের বিধিনিষেধ শিথিল করেছে। অর্কেস্ট্রা কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমের কারণে শনিবার সন্ধ্যায় মৌসুম-সমাপনী কনসার্টে শিল্পীরা চিরাচরিত পোশাক পরবেন না।

অর্কেস্ট্রার এক মুখপাত্র জানান, ‘‘পুরুষ শিল্পীরা জ্যাকেট ছাড়াই পরিবেশনায় অংশ নেবেন, তবে ওপরের পোশাক হিসেবে তারা কালো শার্ট পরবেন।'' প্রয়োজনে তারা শার্টের হাতা গুটিয়ে রাখতে পারবেন বলেও জানান তিনি।

এই গরমে চিরাচরিত পোশাক পরতে হবে না বার্লিন ফিলহারমোনিক অর্কেস্ট্রার শিল্পীদের

নারী শিল্পীদের ক্ষেত্রেও পোশাকের নিয়ম এই মুহূর্তে শিথিল৷ তাদের উর্ধাঙ্গের পোশাক লম্বা হাতার না হলেও অসুবিধা নেই, তবে তা অবশ্যই কনুই পর্যন্ত লম্বা হতে হবে।

শনিবার বার্লিনের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে৷ তবে ওই মুখপাত্র আশা করছেন, সন্ধ্যায় ভাল্ডব্যুনের মঞ্চ ছায়ায় ঢাকা থাকবে৷ তিনি বলেন, ‘‘খোলা আকাশের নিচে অনুষ্ঠান করায় আমরা অভ্যস্ত৷''

নেদারল্যান্ডসে সংগীতানুষ্ঠান বাতিল

নেদারল্যান্ডসে এই সপ্তাহান্তে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল ডেফকন.১ হওয়ার কথা। তবে দাবদাহের কারণে আয়োজকরা তা বাতিল করেছেন।

তবে এ ঘোষণার আগেই আমস্টারডাম থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বের অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন প্রায় ৫০ হাজার দর্শনার্থী। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাদেরও অনুষ্ঠান বাতিলের খবর জানানো হয়। হঠাৎ এমন খবরে ক্ষুব্ধ হয়ে অনেকে সেখানে ভাঙচুর শুরু করেন৷ পরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানস্থল ছেড়ে যান তারা।

এসএমডব্লিউ