বিজ্ঞাপন

এআই চশমা পরে পরীক্ষায় নকল বাড়ছে, কীভাবে কাজ করে এটি

এআই চশমা পরে পরীক্ষায় নকল বাড়ছে, কীভাবে কাজ করে এটি

পরীক্ষায় শিক্ষার্থীরা নকল করার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে থাকেন। কেউ হাতে নকল লিখে আনেন। কেউ নিয়ে আসেন কাগজ। তবে পরীক্ষায় জালিয়াতির নতুন মাধ্যম হয়ে উঠছে এআই চশমা। যেগুলোর লেন্সে ভেসে ওঠে প্রশ্নের উত্তর। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে এআই চশমা দিয়ে নকলের প্রবণতা বাড়ছে।

সংবাদমাধ্যম সিএনএন গতকাল শনিবার (২৭ জুন) এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে এআই চশমাসহ আটক করা হয়। এরমাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো এআই চশমা দিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

অপরদিকে তাইওয়ানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র পাওয়ার পর অস্বাভাবিকভাবে চশমা দিয়ে তাকাচ্ছিলেন। এরপর পরীক্ষা করে দেখা যায় তার চশমা থেকে তাপ নির্গত হচ্ছিল।

এমন পরিস্থিতিতে গত মাসে চীন তাদের কলেজে ভর্তির সবচেয়ে কঠিন পরীক্ষায় সব ধরনের চশমা পরীক্ষা করা বাধ্যতামূলক করে। চীনে কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর এক কোটি পরীক্ষার্থী অংশ নেয়।

কীভাবে কাজ করে এই চশমা

বিশ্বে এআই চশমা উৎপাদন ও বিক্রি উভয়ই বাড়ছে। এরমধ্যে ২০২৩ সালে ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা রে-ব্যান নামে এআই চশমা বাজারে আনে। এরপর বিভিন্ন মডেল বের করে তারা। শুধুমাত্র গত বছরই মেটা ৭০ লাখ চশমা বিক্রি করে।

বিশেষজ্ঞরা সতর্কতা দিয়ে বলেছেন, চশমা দিয়ে পরীক্ষায় জালিয়াতির বিষয়টি মাত্র শুরুর দিকে আছে। এটি আরও অনেক দূর যেতে পারে। অন্যান্য ডিভাইস থেকে এআই চশমা দিয়ে জালিয়াতি করা সহজ।

এআই চশমাগুলো পাতলা থাকে, এগুলো গোপনীয়তা রক্ষা করে এবং স্মার্টফোন বা ইন্টারনেটের সঙ্গে সংযোগ করে এটি আধুনিক এআই মডেল চালাতে পারে।

হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর মেং জিল্লি এআই চশমা নিয়ে গবেষণা করেন। তিনি বাজারে পাওয়া যায় এমন এআই চশমা দিয়ে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

তার পরীক্ষায় দেখা গেছে— এআই চশমা পরে শুধুমাত্র প্রশ্নপত্রের দিকে তাকালেই প্রশ্নগুলো বৃহৎ এআই মডেল ভাষায় প্রশ্নগুলোকে ট্রান্সমিট করে দেয়। এরপর এটি উত্তর তৈরি করে চশমার লেন্সে উত্তরগুলো প্রদর্শন করে।

তিনি ১০০ জন মক পরীক্ষার্থীর ওপর এ পরীক্ষা চালান। যারা এআই চশমা দিয়ে উত্তর দিয়েছেন তারা সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন।

সূত্র: সিএনএন

এমটিআই