গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর গত ৪ মাসে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৮০০ বার সাইবার হামলা করেছে ইরানি হ্যাকাররা। ইসরায়েলের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টোরেটের পরিচালক ইয়োসি কারাদি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
জার্মান দৈনিক দাই ওয়েল্টকে দেওয়া সেই সাক্ষাৎকারটি আজ সোমবার প্রকাশিত হয়েছে। দাই ওয়েল্টকে ইওসি কারাদি বলেছেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট থেকে মাঝারি আকারের কোম্পানি এবং সাধারণ মানুষের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে ইরানি হ্যাকার গ্রুপগুলো হামলা চালিয়েছে।
“অনেক ইসরায়েলি কোম্পানি তাদের কম্পিউটারে সংরক্ষিত প্রায় সব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলেছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওয়েবসাইট লক্ষ্য করে যেসব হামলা হয়েছিল, সেসব আমরা হামলা ঠেকাতে পেরেছি।”
কারাদি জানান, ২০২৫ সালে জুনে যখন ইরানে অভিযান শুরু করেছিল ইসরায়েল— সে সময় প্রথমবার ইরানিরা ইসরায়েলের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও সাইবার স্পেসে হামলা চলানো শুরু করে। ১২ দিনের সেই যুদ্ধে সেবার ১ হাজার ৬০০ বার হামলা চালিয়েছিল ইরানি হ্যাকাররা।
“এবার যে গ্রুপগুলো হামলা চালিয়েছে, সেসবের মধ্যে কিছু গ্রুক খুবই দক্ষ। তাদের সামলানোর ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমার মতে এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কারণ বাস্তব জগতের মতো সাইবার স্পেসে কোনো যুদ্ধবিরতি নেই” সাক্ষাৎকারে বলেছেন কারাদি।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ
