আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, অ্যান্টার্কটিকার গভীরে অবস্থিত মাউন্ট এরেবাস পৃথিবীর অন্য যেকোনো আগ্নেয়গিরির তুলনায় ব্যতিক্রমী। এই আগ্নেয়গিরি থেকেই প্রতিবছর কয়েক কোটি টাকার সমমূল্যের স্বর্ণ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বের দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরিটি বায়ুমণ্ডলে বিশুদ্ধ সোনার ক্ষুদ্র স্ফটিক নির্গত করে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে ১৯৯১ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মাউন্ট এরেবাস থেকে প্রতিদিন প্রায় ৮০ গ্রাম আণুবীক্ষণিক সোনার স্ফটিক নির্গত হয়।
বর্তমান সোনার দাম অনুযায়ী, এর মূল্য দৈনিক প্রায় ৬ হাজার ডলার। বছরে এর মূল্য দাঁড়ায় ২০ লাখ ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকার বেশি।
ভৌগোলিকভাবে মাউন্ট এরেবাস দক্ষিণ মেরু থেকে প্রায় ১ হাজার ৩৫০ কিলোমিটার দূরে রস সাগরের রস দ্বীপে অবস্থিত। আগ্নেয়গিরিটির লাভা থেকে অবিরাম আগ্নেয় গ্যাস নির্গত হয়।
বিজ্ঞানীরা বলছেন, এসব গ্যাস বিশুদ্ধ সোনার আণুবীক্ষণিক কণা বহন করে, যা অ্যান্টার্কটিকার বরফে জমা হওয়ার আগে প্রায় ১ হাজার কিলোমিটার পর্যন্ত ভেসে যেতে পারে।
ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্র ব্যবহার করে গবেষকেরা দেখেছেন, আগ্নেয়গিরি থেকে নির্গত সোনা সাধারণ ধূলিকণা নয়। কণাগুলো ক্ষুদ্র হলেও সুগঠিত স্ফটিকের আকার ধারণ করে। এর কোনো কোনোটির ব্যাস ৬০ মাইক্রোমিটার পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির গ্যাসে সোনার উপস্থিতি পুরোপুরি অস্বাভাবিক নয়। হাওয়াইয়ের কিলাউয়া, ইতালির মাউন্ট এটনা, আলাস্কার অগাস্টিন আগ্নেয়গিরি এবং মেক্সিকোর এল চিচনসহ বিশ্বের আরও কয়েকটি আগ্নেয়গিরিতেও অল্প পরিমাণে সোনার সন্ধান পাওয়া গেছে।
বিজ্ঞানীরা বলছেন, ক্লোরিন বা সালফারসমৃদ্ধ যৌগের সঙ্গে যুক্ত হয়ে গরম আগ্নেয় গ্যাসের মাধ্যমে সোনা ওপরের দিকে উঠে আসে। গ্যাস ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সোনা আলাদা হয়ে স্ফটিকে পরিণত হয়।
তবে মাউন্ট এরেবাস অন্য সব আগ্নেয়গিরির তুলনায় অনেকটাই ব্যতিক্রম। এর এই বৈশিষ্ট্যের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। গবেষকেরা এ বিষয়ে দুটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন।
বিজ্ঞানীরা বলছেন, ক্লোরিনসমৃদ্ধ আগ্নেয় গ্যাস বাতাসে ঠান্ডা হওয়ার সময় সেখান থেকেই সরাসরি সোনার স্ফটিক তৈরি হতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, এ প্রক্রিয়াটি সহজ নয়। কারণ এসব গ্যাসে সোনার পরিমাণ অত্যন্ত কম।
আরেকটি তত্ত্ব অনুযায়ী, সোনার স্ফটিক প্রথমে আগ্নেয়গিরির লাভার হ্রদের উপরিভাগে ধীরে ধীরে তৈরি হয়। পরে আগ্নেয় গ্যাসের সঙ্গে তা বাতাসে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ আবিষ্কারের তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে এর ব্যাখ্যা দিতে পারেননি। ফলে বিষয়টি এখনও রহস্যই রয়ে গেছে।
সূত্র: এনডিটিভি
এমবি
