যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো ধারা ভঙ্গ করলেই ইরান জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাঘেই।
মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইরানের এ কর্মকর্তা জানান, চুক্তি ভঙ্গ করলে সন্দেহাতীতভাবে তারা জবাব দেবেন।
কাতারের রাজধানী দোহায় আজ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা গেছেন। তবে সেখানে তাদের মধ্যে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে তেহরান। দেশটি বলেছে, নিজেদের জব্দকৃত অর্থ ছাড়ের ব্যাপারে কাতারিদের সঙ্গে তাদের বৈঠক হবে।
চুক্তি ভঙ্গ করলে ইরান অবশ্যই জবাব দেবে জানিয়েছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “কোনো কিছু করলে আমরা এটির জবাব না দিয়ে থাকব না। যেমনটা আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেখিয়েছে, ইরানের কোনো কিছুর ওপর হামলা হলে আমরা তাৎক্ষণিক জবাব দেব।”
তিনি আরও বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায় তাহলে এটি সমঝোতা স্মারকের এক নম্বর ধারার লঙ্ঘন হবে। যদি এ ধরনের লঙ্ঘন বারবার হয় এবং চলতে থাকে তাহলে তাদের বাধার সম্মুখীন হতে হবে।”
দুই সপ্তাহ আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের ৬০ দিনের একটি চুক্তি হয়। এরমাধ্যমে দুই দেশ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং নিজেদের মধ্যে আলোচনা করে একটি চুক্তি করার ব্যাপারে সম্মত হয়। তবে ৬০ দিনের মধ্যে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কি না এ নিয়ে সন্দেহ থেকে যাবে। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: এএফপি
এমটিআই
