মুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের আদলে তৈরি মুখোশে ঢাকা। সেভাবেই একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে চুরির চেষ্টা চালালেন এক ব্যক্তি; তবে ব্যর্থ হয়েছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায়।
প্রধানমন্ত্রী মোদির মুখের আদলে তৈরি মুখোশ পরে এক ব্যক্তি একটি মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো; ভাইরালও হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার রাতে ভিলওয়ারার কারেদা থানা এলাকায় ঘটেছে ঘটনাটি। ভাইরাল সেই ভিডিয়োতে মোদি-মুখোশধারী ব্যক্তিকে মোবাইল ফোনের দোকানে জোর করে ঢোকার চেষ্টা করতে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। এ সময় তাঁর মুখে ছিল প্রধানমন্ত্রীর ছবিযুক্ত একটি মুখোশ, যেমনটা সাধারণত রাজনৈতিক জনসভাগুলোতে দেখা যায়।
— Sachin Gupta (@Sachingupta) June 30, 2026
পুলিশ কর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তালা ভাঙতে ব্যর্থ হন এবং কয়েক বার চেষ্টার পর ঘটনাস্থল থেকে চলে যান। দোকানের কাছে বসানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শচীন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভাইরাল সেই ভিডিটিতে ভিডিওটিতে লাইক-কমেন্ট করেছেন হাজার হাজার নেটিজেন।
কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরণমল মিনা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, ‘‘চুরির চেষ্টা করার সময় প্রধানমন্ত্রী মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরেছিল চোর। তবে ওই এলাকার অন্যান্য সিসি ক্যামেরায় তার আসল মুখ দেখা গিয়েছে এবং তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
পুলিশ এ-ও জানিয়েছে, দিনের বেলাতেও ওই একই ব্যক্তিকে একই পোশাকে মুখোশ ছাড়া ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। চুরির চেষ্টার ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত অন্য একটি মোবাইলের দোকানেও ওই একই রাতে চুরির ঘটনা ঘটে। তবে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিটি সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত কি না, তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।
সূত্র : পিটিআই
এসএমডব্লিউ
