ব্রাজিলের পাদ্রা দো মাকাকো পাহাড়ের চূড়া থেকে ৫০০ ফুট গভীরে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার রিও ডি জেনেরিওর মারিকার ওই পাহাড়ে এ ঘটনা ঘটে। তার পড়ে যাওয়ার মুহূর্তটি এক সহ পর্বতারোহীর ক্যামেরায় ধরা পড়েছে।
এতে দেখা যাচ্ছে, তিনি পাহাড়ের চূড়া থেকে নামছেন। নড়বড়ে পাথুরে সে চূড়ার পাশেই পাহাড়ের খাদ। তিনি যেই চূড়া থেকে নিচের দিকে একটি লাফ দিয়েছেন সঙ্গে সঙ্গে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন। ওই সময় পাহাড়ের একটি অংশ ধরার চেষ্টা করেন। তবে এতে ব্যর্থ হন। ফলে সরাসরি ৫০০ ফুট গভীরে পড়ে যান তিনি।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম সাইয়ো রোচা আগুইয়ার আরাবাল। তিনি পাহাড়টির চূড়ায় ওঠে ছবি তুলেছিলেন। এরপর নামতে যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়েন।
— Paula Zanelli (@paulazanelli) June 29, 2026
ধারণা করা হচ্ছে, ভুলভাবে নামার কারণে ব্যালেন্স বা নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর মুখে পতিত হন। আরও জানা গেছে, লাইসেন্স না থাকা সত্ত্বেও পর্বতারোহীদের একটি দলকে সেখানে নিয়ে গিয়েছিলেন আরাবাল।
ওই চূড়াটি বিপজ্জনক হওয়া সত্ত্বেও প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে যান এবং ছবি তোলেন।
ওই পাহাড়ি অঞ্চলটি এতটাই বিপজ্জনক ও দুর্গম যে তার মরদেহ উদ্ধার করতে দীর্ঘ চার ঘণ্টা সময় লেগেছে। এছাড়া উদ্ধার অভিযানে হেলিকপ্টারও ব্যবহার করতে হয়েছিল।
স্থানীয় সিভিল ডিফেন্সের কর্মকর্তা ম্যাথিউস মৌরা বলেছেন, “আমাদের একটি গহীন বনাঞ্চল এবং কঠিন পথ দিয়ে গিয়ে তার কাছে পৌঁছাতে হয়েছে। আমাদের পাহাড়ে উঠতে হয়েছে, দঁড়ি ব্যবহার করতে হয়েছে।”
সূত্র: নিউইয়র্ক পোস্ট
এমটিআই
