মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডিউটি ফ্রি লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন দুই ভারতীয় প্রবাসী। দুবাই ডিউটি ফ্রি লটারিতে মিলেনিয়াম মিলিওনিয়ার সিরিজের টিকিটে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) করে জয়ী হয়েছেন তারা। এই দুই প্রবাসীর একজন মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। বিয়ের পরপরই এই লটারি জিতে নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছেন না তিনি।
আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, দুবাই প্রবাসী ৪৮ বছর বয়সী ভারতীয় নাগরিক কবির পুভাথিংগাল গত ১৩ জুন অনলাইনে একটি টিকিট কিনেছিলেন। মিলেনিয়াম মিলিওনিয়ার সিরিজ ৫৪৭-এর ৩৪৭১ নাম্বারের ওই টিকিটের ভাগ্যেই তিনি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) জিতে নিয়েছেন।
গত ২২ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন পুভাথিংগাল। এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত দুবাই ডিউটি ফ্রির লটারিতে অংশ নিয়ে আসছেন তিনি। পাঁচ সন্তানের জনক পুভাথিংগাল আবু ধাবিতে একটি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
লটারি জেতার পর উচ্ছ্বসিত পুভাথিংগাল বলেন, এমন একটি সুযোগ দেওয়ার জন্য দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটি আমার জীবন বদলে দেওয়ার মতো এক চমৎকার অভিজ্ঞতা। আমি সবাইকে এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখার পরামর্শ দেবো।
পুভাথিংগালের মতো একই অংকের অর্থ জিতে কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন দুবাই প্রবাসী ৩০ বছর বয়সী আরেক ভারতীয় তরুণ মোহাম্মদ শিবিল থায়্যিল। গত ১৮ জুন অনলাইনে কেনা ৪৮৩২ নম্বর টিকিট দিয়ে মিলেনিয়াম মিলিওনিয়ার সিরিজ ৫৪৮-এ তিনিও ১০ লাখ ডলার জিতেছেন।
থায়্যিল গত ২০২৫ সালের অক্টোবরে দুবাইয়ে আসেন এবং বর্তমানে শারজাহ বিমানবন্দরের ইন্টারন্যাশনাল ফ্রি জোনে বিক্রয় বিভাগে কাজ করছেন।
মাত্র গত মাসে বিয়ে করা থায়্যিল দুবাই ডিউটি ফ্রি লটারির দ্বিতীয় চেষ্টাতেই ১০ লাখ ডলার জিতে যেন নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না। এই আনন্দের খবরে আপ্লুত হয়ে তিনি বলেন, আপনারা আমার জীবনটাই বদলে দিয়েছেন! এটি আমার জীবনের সবচেয়ে সেরা খবর! দুবাই ডিউটি ফ্রিকে অনেক অনেক ধন্যবাদ।
কেরালায় জন্ম নেওয়া এই দুই বিজয়ী ১৯৯৯ সালে লটারিটি চালু হওয়ার পর থেকে মিলেনিয়াম মিলিওনিয়ার ড্রতে ১০ লাখ ডলার জেতা ২৭৮ ও ২৭৯তম ভারতীয় নাগরিক। এই লটারির টিকিটের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে ভারতীয় নাগরিকরা বরাবরের মতোই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।
সূত্র: গালফ নিউজ।
এসএস
