যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ছয় বছর ধরে বাস করছিলেন ভেনেজুয়েলার নাগরিক ২৩ বছর বয়সী আবেলার্দো রিঙ্কন। সেখানে তিনি তার জীবনকে স্থায়ী করতে চেয়েছিলেন। তবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে কয়েক মাস আগে আবেলার্দোকে গ্রেপ্তার করা হয়। তাকে একটি আটক কেন্দ্রে রাখার পর ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়।
সেখান থেকে একটি বিমানে করে প্রায় ১৪০ জনকে গত ২৪ জুন ভেনেজুয়েলায় পাঠিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এরপর তাদের উপকূলীয় অঞ্চলের একটি হোটেলে রাখা হয়। এর কয়েক ঘণ্টা পরই আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প।
এই ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজারের বেশি। আর নিখোঁজ আছেন ৫০ হাজারের বেশি মানুষ।
এই নিখোঁজদের মধ্যে আছেন আবেলার্দো রিঙ্কন। তার সঙ্গে একই বিমানে করে যে ১৪০ জনকে ফেরত পাঠানো হয় তাদের কয়েকজনও নিখোঁজ।
যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা তাদের এই পরিণতির দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। বিবিসিকে তারা জানিয়েছে, ওই ভেনেজুয়েলানরা নিরাপদে বিমান থেকে নামেন। এরপরই তারা আর তাদের জিম্মায় ছিলেন না। ফলে এরপর তাদের ভাগ্যে কি ঘটেছে সেটির দায় তাদের নয়।
যে ১৪০ জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের অবৈধ হিসেবে নাকি অন্য কোনো কারণে পাঠানো হয়েছে সেটি স্পষ্ট করেনি সংস্থাটি।
সূত্র: বিবিসি
এমটিআই
