বিজ্ঞাপন

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক হামলা, নিহত ১০

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক হামলা, নিহত ১০

মেক্সিকোতে বন্যা পর্যবেক্ষণকারী নৌবাহিনীর টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ হামলাকারী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে দেশটির সিনালোয়া রাজ্যে বন্যা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের ওপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনার পর পরিচালিত অভিযানে ১০ হামলাকারী নিহত এবং আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, এল রোসারিও পৌরসভায় নিরাপত্তা বাহিনী দ্বিতীয় হামলার চেষ্টাও প্রতিহত করেছে। এ ঘটনায় ১০ হামলাকারী নিহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম হামলায় তিন নাবিক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। পরে তিনি মারা যান। অন্য দুজন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, বর্ষা মৌসুমের আগে জনসাধারণকে সতর্ক করার জন্য নৌবাহিনীর সদস্যরা নদী ও বাঁধের পানির স্তরের আকস্মিক বৃদ্ধি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় অতর্কিতভাবে তাদের ওপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়।

নৌবাহিনী জানিয়েছে, আনুষ্ঠানিক তদন্ত শুরুর জন্য আটক তিন সন্দেহভাজনকে প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: রয়টার্স

এমবি