বিজ্ঞাপন

আধাসামরিক বাহিনীর জন্য নতুন রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত

আধাসামরিক বাহিনীর জন্য নতুন রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত

ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, এবং এনএসজির জন্য ‘উগ্রম’ নামের একটি নতুন স্বয়ংক্রিয় রাইফেল প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেটির বোর্ড ট্রায়ালও সম্পন্ন হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র প্রস্তুতকারী সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) রাইফেলটির নকশা প্রস্তুত করেছিল। সেই নকশা অনুযায়ী মাত্র ১০০ দিনে ‘উগ্রম’ থৈরি করেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানাভিত্তিক অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি দিভিপা ডিফেন্স।

গতকাল সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের সামনে উগ্রমের ট্রায়ালও হয়েছে। ট্রায়ালে মন্ত্রণালয়ের প্যানেল বন্দুকটিকে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দিভিপা ডিফেন্সের কর্মকর্তা শিবু জোসেফ এনডিটিভিকে বলেছেন, মূলত আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন রাজ্য রাজ্য পুলিশের কাউন্টার ইন্সারজেন্সি বিভাগের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে রেখে ৭ দশমিক ৬২ মিলিমিটার বোরের এই স্বয়ংক্রিয় রাইফেল। স্বয়ংক্রিয় এবং সিঙ্গেল শট— উভয় মোডে রাইফেলটি থেকে গুলি ছোড়া যাবে। উগ্রমের এক একটি ম্যাগজিনে সর্বোচ্চ ২০টি গুলি রাখা যায়। ৫১ ক্যালিবারের এই রাইফেলের পাল্লা ৫০০ মিটার এবং এর স্বয়ংক্রিয় মোডে দ্রুত গুলিবর্ষণ সম্ভব।

বর্তমানে আধাসামরিক বাহিনীর প্রধান অস্ত্র ৫দশমিক ৫৬ মিলিমিটার বোরের স্বয়ংক্রিয় রাইফেল ইনসাস। দেশীয় প্রযুক্তিতে তৈরি ইনসাস রাইফেলের কার্যকর পাল্লা ৪০০ মিটার। কিন্তু এর অপেক্ষাকৃত কম ওজনের গুলির মারণক্ষমতা কম বলে অভিযোগ রয়েছে। ৭ দশমিক ৬২ মিলিমিটারের ‘উগ্রম’ সেই খামতি মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

দীপা ডিফেন্সের আধিকারিক শিবু জোসেফ জানিয়েছেন, তাদের সংস্থা ২০২১ সালে উগ্রম উৎপাদনের লাইসেন্স পায় এবং এর পর হায়দরাবাদের অদূরে তেলঙ্গানা সরকারের বরাদ্দ করা ১৩ একর জমিতে একটি পূর্ণাঙ্গ উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে ডিআরডিওর ‘আর্মামেন্ট অ্যান্ড কমব্যাট ইঞ্জিনিয়ারিং’ (এসিই)-এর ডিরেক্টর জেনারেল শৈলেন্দ্র গোডে প্রথম সর্বসমক্ষে এনেছিলেন উগ্রমকে। জানিয়েছিলেন, মাত্র ১০০ দিনের প্রচেষ্টায় রাইফেলটি নির্মাণ করা হয়েছে। এর পরে রাইফেলটির কার্যকারিতার পরীক্ষা শুরু হয়েছিল। দীর্ঘ আড়াই বছর ধরে চলা সেই পরীক্ষায় পাশ করেছে ‘উগ্রম’।

সূত্র : এনডিটিভি

এসএমডব্লিউ

বিজ্ঞাপন