পাকিস্তানের করাচি থেকে ১৫৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একটি কার্গো বিমান। আশঙ্কা করা হচ্ছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) মধ্যরাতে বিমান নিখোঁজের তথ্য জানায় দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানটি খুঁজে পেতে পাক নৌ ও বিমানবাহিনী বিস্তৃত অঞ্চলজুড়ে কাজ করছে। দেশটির নৌবাহিনী সম্ভাব্য বিধ্বস্ত স্থলে বাড়তি যুদ্ধজাহাজ নিয়ে এসেছে।
একটি সূত্র জানিয়েছে, বিমানবাহিনীর একটি সার্ভিলেন্স বিমান সেখানে কাজ করছে। অপরদিকে নৌবাহিনী তাদের পিএনএস জুলফিকার-২-কে সম্ভাব্য স্থানে মোতায়েন করেছে।
এছাড়া পাকিস্তানের শিপিং কর্পোরেশনের আওতাধীন বাণিজ্যিক জাহাজও সমুদ্রে বিমানের খোঁজ করবে।
ওই বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। নিখোঁজ বিমানটি ২৭ বছরের পুরোনো বোয়িংয়ের একটি বিমান। এটি পরিচালনা করে পাকিস্তানের কার্গো কোম্পানি। বিমানটি শারজাহ থেকে করাচিতে যাচ্ছিল। এরমধ্যে রাত ৯টা ৩২ মিনিটের দিকে এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্রেকিং ডাটাতে দেখা গেছে, টিএ ১৭৩২ বিমানটি রাত ৯টা ১৭ মিনিটের দিকে ৭৯০ কিলোমিটার গতিতে ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে আসছিল। যা সাধারণ বিষয়।
কিন্তু ওই সময়ের কিছুক্ষণের মধ্যে বিমানটি একটি ইউ-টার্ন নেয় এবং অত্যন্ত দ্রুতগতিতে নিচের দিকে নেমে যেতে থাকে।
মাত্র পাঁচ মিনিটে এটি ৩৪ হাজার ফুট নিচুতে নেমে আসে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত মাত্র ১ হাজার ১০০ ফুট উঁচু দিয়ে ২১১ কিলোমিটার গতিতে উড়ছিল। এরপরই এটি রাডার থেকে হারিয়ে যায়।
এরআগে বিমানের ক্রুরা যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন।
সূত্র: জিও টিভি
এমটিআই
