মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালানো হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, মার্কিন ঘাঁটিতে বড় হামলা অত্যাসন্ন।
টেলিগ্রামে সেনাবাহিনীর বিশেষ এ ইউনিটটি বলেছে, এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে ড্রোন ও মিসাইল দিয়ে বড় ধরনের হামলা চালানো হবে। তারা আরও বলেছে, শত্রুদের হামলা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইরানে নতুন হামলা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্টের) নির্দেশে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হুমকি রুখে দিতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। মূলত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের ওপর সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।”
ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিকের পাশাপাশি কোনারাক এবং চাবাহারের কাছাকাছিও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমটিআই
