কাতারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ানের’ বিমান নিয়ে নিরাপত্তা উদ্বেগের তথ্য জানিয়ে সংবাদ প্রকাশের জেরে নিউইয়র্ক টাইমসের একাধিক সাংবাদিককে তলব করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। শনিবার নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষ বলেছে, তাদের কয়েকজন সাংবাদিককে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন বিচার বিভাগ।
মার্কিন এই সংবাদমাধ্যম বলেছে, গত শুক্রবার এই সমন জারি করা হয়েছে। এতে আগামী বুধবার ফেডারেল ফৌজদারি আইন লঙ্ঘনের একটি অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে সাংবাদিকদের গ্র্যান্ড জুরির সামনে হাজির হতে বলা হয়েছে।
ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন এই সমন জারি করেছেন এবং ফেডারেল এজেন্টরা সরাসরি সাংবাদিকদের বাড়িতে গিয়ে এটি পৌঁছে দিয়েছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
নিউইয়র্ক টাইমস এই পদক্ষেপকে ‘স্বাধীন সংবাদমাধ্যমকে হুমকি ও ভয় দেখানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের এক নজিরবিহীন প্রচেষ্টার চরম বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র সমন জারির বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তিনি বলেছেন, প্রশাসন সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে না, বরং তারা গোপন ও ক্লাসিক তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এই বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস সব প্রশ্ন বিচার বিভাগের দিকে ঠেলে দেয়।
গত বুধবার ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পুরোনো দিনের স্মৃতির খাতিরে’ আঙ্কারা থেকে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের মাইল্ডেনহল ঘাঁটিতে যাওয়ার জন্য একটি পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করবেন। আর সে সময় নতুন বিমানটিকে একই ঘাঁটিতে রাখা হবে; যাতে সেখানে দায়িত্বরত মার্কিন সেনাসদস্যরা বিমানটি ঘুরে দেখতে পারেন।
তবে বুধবার গভীর রাতের এক ভিডিওতে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ওড়ার জন্য প্রস্তুত হতে থাকা কাতারের উপহার দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ানটিতে ট্রাম্প ওই ব্রিটিশ ঘাঁটি থেকেই চড়ছেন।
সূত্র: রয়টার্স।
এসএস
