বিজ্ঞাপন

ইরানে এক রাতে ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

ইরানে এক রাতে ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

ইরানে এক রাতে ১৪০টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটি দেশটির তৃতীয় দফার হামলা। রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ‘ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে’ তারা ইরানের ওপর তৃতীয় দফার হামলা সম্পন্ন করেছে।

সেন্টকম জানিয়েছে, এ দফায় প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা হ্রাস করতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। এতে সপ্তাহজুড়ে তিন দফায় ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

সেন্টকম বলেছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী ৪০ কোটি ব্যারেল তেলসহ বিভিন্ন পণ্য বহনকারী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সহায়তা করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে। নভেম্বরের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।

ইরান বলেছে, বেশ কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে।

আইআরজিসি জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা হামলা শুরু করে। ইরান তাদের বিবৃতিতে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: আল জাজিরা 

এমবি

বিজ্ঞাপন