কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দেশটির আমিরে দেওয়ান রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আমিরে দেওয়ান জানিয়েছে, আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে তারা গভীর শোক প্রকাশ করছে। বিবৃতিতে বলা হয়, সাবেক আমির ও ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার প্রতি রহম করুন।
শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে জ্বালানি-সমৃদ্ধ দেশটির অভাবনীয় উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।
শেখ হামাদের শাসনামলে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা আরও বৃদ্ধি পায়।
বর্তমানে কাতারের রাজনৈতিক প্রভাব উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে বিস্তৃত। ২০২২ সালে কাতার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপের আয়োজন করে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের কাছ থেকে শেখ হামাদ ভূয়সী প্রশংসা কুড়ান।
তার শাসনামলে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয় এবং পৌরসভা নির্বাচনের সূচনা হয়। একই সময়ে নারীদের ভোটাধিকার এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়।
২০১৩ সালে শেখ হামাদ সিংহাসন ত্যাগ করেন এবং তৎকালীন ৩৩ বছর বয়সী ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
সূত্র: আল জাজিরা
এমবি
