যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যারমধ্যে ছিল কাতারের রাজধানী দোহার আল-উদেইদ বিমানঘাঁটি। এখানে ইরানি সেনারা মিসাইল ও ড্রোন ছুড়েছে। তবে কাতার জানিয়েছে, সবগুলো মিসাইলই তারা প্রতিহত করেছে। যদিও প্রতিহত করা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছে।
এমন অবস্থার মধ্যেই কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানিয়েছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, রোববার (১২ জুলাই) সকালে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর কাতারের প্রতি শোক বার্তা পাঠায় ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শোক বার্তায় বলেছে, “গভীর দুঃখ ও বেদনার সাথে আমরা সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করছি। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সম্মানিত আল থানি পরিবার এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমরা আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের এক লেফটেন্যান্ট নিহত
এদিকে রাতভর চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন। আজ রোববার এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।
স্থানীয় কর্তৃপক্ষ মেহেরকে বলেছে, “ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর নৌ শাখার লেফটেনেন্ট হামিদরেজা দেহঘানি গতকাল রাতে জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।”
মার্কিনিদের হামলায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার তথ্যই দিয়েছে ইরান।
সূত্র: আলজাজিরা
এমটিআই
