বিজ্ঞাপন

ভাঙতি না থাকায় মন্ত্রীকে নামিয়ে দিলেন বাসের কন্ডাক্টর

ভাঙতি না থাকায় মন্ত্রীকে নামিয়ে দিলেন বাসের কন্ডাক্টর

যাত্রীদের ভোগান্তির বিষয়ে সরেজমিনে অভিজ্ঞতা নিতে গিয়ে অন্যরকম এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ভারতের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরতি সুরেশ। আকস্মিকভাবে সড়কপথে যান চলাচল পরিদর্শনে যাওয়াটা যে শেষ পর্যন্ত এমন এক কঠিণ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, তা হয়তো ভাবেননি কর্ণাটকের এই মন্ত্রী।

রোববার দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসের কন্ডাক্টরের কাছে ভাড়ার সমপরিমাণ খুচরা টাকা না থাকায় বেঙ্গালুরু মহানগর পরিবহন কর্পোরেশনের (বিএমটিসি) একটি বাস থেকে পরিবহন মন্ত্রী বাইরতি সুরেশকে নেমে যেতে বলা হয়। শনিবার বেঙ্গালুরুতে নিজের পরিচয় গোপন করে সাধারণ যাত্রীর বেশে ভ্রমণের সময় যাত্রীদের দৈনন্দিন ভোগান্তির এই বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।

মুখে মাস্ক পরে ছদ্মবেশে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বিএমটিসি বাসে যাতায়াত করেন তিনি। এ সময় সাধারণ যাত্রীদের নিয়মিত অভিযোগের বিভিন্ন সমস্যার সত্যতা নিজ চোখে দেখেন তিনি। তবে গুরুতর অভিযোগ উঠেছে, ‘ফান ওয়ার্ল্ড’ স্টপেজে এক যাত্রী নামার সংকেত দেওয়ার পর একটি বাস থামেনি। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরতি সুরেশ ওই বাসের চালক ও কন্ডাক্টরকে বরখাস্ত করার নির্দেশ দেন।

এই ছদ্মবেশী পরিদর্শন মন্ত্রীকে যাত্রীদের অতি পরিচিত এক সমস্যার মুখোমুখিও দাঁড় করায়। হেব্বাল-নাগাশেট্টিহাল্লি রুটের বাসে ভ্রমণের সময় তিনি টিকিট কাটার জন্য কন্ডাক্টরের হাতে ১০০ রূপির একটি নোট দেন। কন্ডাক্টর ভাঙতি টাকার অভাবের অজুহাতে তাকে টিকিট না দিয়ে উল্টো বাস থেকে নেমে যেতে বলেন। এর মাধ্যমে সাধারণ যাত্রীদের প্রতিদিনের এক সমস্যার বাস্তব অভিজ্ঞতা পান মন্ত্রী।

পরে নাগাশেট্টিহাল্লিতে বাস থেকে নামার পর এক অটোরিকশাচালকের সঙ্গে যাত্রীর ভাড়ার বিরোধও মেটান মন্ত্রী সুরেশ। ওই চালকের মিটারে ভাড়া ৩০ রুপি উঠলেও তিনি ৩৬ রুপি দাবি করেছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রী।

কর্ণাটকের এই মন্ত্রী বলেছেন, ‌‌‘‘জবাবদিহিতা জোরদার, পরিবহন কর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় এবং যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা আরও উন্নত করতে বেঙ্গালুরুজুড়ে এমন ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে।’’

সূত্র: ইন্ডিয়া টুডে।

এসএস