বিজ্ঞাপন

৩ বছরের শিশুকে ধর্ষণ

ধামাচাপা দিতে লাখ টাকা জরিমানা, আদায়কৃত টাকায় মদের পার্টি

ধামাচাপা দিতে লাখ টাকা জরিমানা, আদায়কৃত টাকায় মদের পার্টি

ভারতের ঝাড়খণ্ডে এক তিন বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক লাখ টাকা জরিমানা করেছে গ্রাম পঞ্চায়েত। এ ঘটনায় জরিমানা আদায়ের পর তা দিয়ে মদের পার্টি আয়োজনের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গুমলা জেলার একটি গ্রাম পঞ্চায়েত প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম সুনীল লোহারা। তিনি গত শনিবার সন্ধ্যায় ওই শিশুর বাড়িতে যান। এরপর শিশুটির মাকে কাজকর্ম করার সময় তার কাছে রেখে যেতে বলেন। পরে শিশুটিকে অন্য একটি ঘরে নিয়ে তিনি ধর্ষণ করেন।

এ ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে চিৎকার করতে শুরু করলে তার মা ছুটে আসেন। এরপর প্রথমে তাকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি সরাসরি পুলিশকে না জানিয়ে গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়। পঞ্চায়েত কমিটি বিষয়টি পুলিশকে না জানিয়ে গ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। এজন্য রোববার শালিসে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি ধামাচাপা দিতেই পঞ্চায়েত এমন পদক্ষেপ নেয় বলে অভিযোগ উঠেছে।

শালিসের পর অভিযুক্ত ব্যক্তি জরিমানার ২০ হাজার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন। এরপর সেই টাকা দিয়ে মাংস ও মদের আয়োজন করা হয়। আর বাকি টাকা পরিশোধের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।

ঘাঘরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহন কুমার বলেন, গ্রামবাসীরা মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে পুলিশ জানতে পারে। এমনকি গ্রাম পঞ্চায়েতের চাপের কারণে পরিবারটিকে মামলাও করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে ভুক্তভোগীর মায়ের জবানবন্দির ভিত্তিতে একটি মামলা দায়ের করে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রামের কেউ একজন ঘটনাটি পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে মদের পার্টির বিষয়টি সরাসরি দেখতে পায়। পরে সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার এবং শিশুটির মায়ের জবানবন্দি রেকর্ড করা হয়।

আরঙ্গি পঞ্চায়েত কমিটির প্রধান লোডো এক্কা বলেন, এ ঘটনার পর পালমা গ্রামে একটি শালিসের আয়োজন করা হয়েছিল, কিন্তু সে বিষয়ে তাকে জানানো হয়নি। তিনি বলেন, পুলিশ আসায় এবং বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর তিনি সভাটির ব্যাপারে জানতে পারেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সূত্র: এনডিটিভি

এমবি