ভারতের অন্যতম সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) হাতে আটক হয়েছেন জর্ডান ব্রাউন নামের এক ব্যক্তি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় এসএসবির হাতে আটক হয়েছেন তিনি।
তার বিরুদ্ধে পাসপোর্ট-ভিসা কিংবা কোনো বৈধ নথি ছাড়া টানা ৯ মাস ধরে ভারতে অবস্থানের অভিযোগ উঠেছে।
গত শনিবার মহারাজগঞ্জ জেলার সীমান্তবর্তী মাইনিওয়া এলাকায় ৫১৬ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে জর্ডান ব্রাউনকে আটক করেন এসএসবি’র ২২তম ব্যাটালিয়ানের সদস্যরা। মাইনিওয়া এলাকাটি মহারাজগঞ্জের সনৌলি পুলিশ স্টেশনের আওতাগত।
ধরা পড়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৬ বছর ব্রাউন বলেছেন, তিনি মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। একসময় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন বলেও দাবি করেছেন ব্রাউন।
তবে কোনো পাসপোর্ট-ভিসা কিংবা ভারতে অবস্থানের জন্য প্রয়োজনীয় কোনো নথি তিনি প্রদর্শন করতে পারেননি, তাকে তল্লাশি করেও এ জাতীয় কোনো নথি পাওয়া যায়নি। তবে তল্লাশির পর ২টি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার ৪৬০ রুপি মিলেছে তার কাছ থেকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রাউন জানিয়েছেন, ২০২৫ সালে পর্যটন ভিসায় থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তিনি; সেখানে নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেন। তারপর সাগরপথে তিনি থাইল্যান্ড থেকে তিনি শ্রীলঙ্কা পাড়ি জমান এবং শ্রীলঙ্কা থেকে ২ নভেম্বর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় আসেন, এতদিন সেখানেই অবস্থান করছিলেন।
— Bimal Sharma (@BimalSharm50754) July 14, 2026
সম্প্রতি গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে আসে ব্রাউন। মূলত বিনা নথিতে সীমান্ত পাড়ি দিতেই এখানে এসেছিলেন তিনি।
মহারাজগঞ্জের পুলিশ সুপারিন্টেডেন্ট (এসপি) সিদ্ধার্থ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, “এই ব্যক্তি বলেছেন, তিনি ২০২৫ সালের ২ নভেম্বর গোয়া এসেছিলেন। সেই হিসেবে আজ প্রায় ৯ মাস হলো তিনি কোনো বৈধ নথি ছাড়াই ভারতে অবস্থান করছেন।”
কী কারণে কোনো বৈধ নথি ছাড়া ভারতে দীর্ঘদিন অবস্থান করলেন, তার কোনো সদুত্তর এখনও দিতে পারেননি ব্রাউন। পুলিশের বক্তব্য, জিজ্ঞাসাবদে এক এক সময় ভিন্ন ভিন্ন বয়ান দিয়েছেন তিনি।
ব্রাউনের ব্যাপারটি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
উল্লেখ্য, ভারতের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত পাহারা দেয় বিএসএফ, নেপাল ও ভুটান সীমান্ত পাহারা দেয় সশস্ত্র সীমা বল বা এসএসবি এবং চীন ও লাদাখ সীমান্ত পাহারা দেয় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি।
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ
