বিজ্ঞাপন

নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১

নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে দেশটির আধা সামরিক এবং ভারত-মিয়ানমার সীমান্তের রক্ষী বাহিনী আসাম রাইফেলসের একটি গাড়ি লক্ষ্য করে শক্তিশালী ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার বিস্ফোরণ ঘটিয়েছে নাগা বিদ্রোহীরা।

এতে আসাম রাইফেলসের এক সদস্য নিহত এবং আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাজ্যের চুমৌকেদিমা জেলায় ঘটেছে এ ঘটনা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্নেল অমিত শুক্লা এক বিবৃতিতে জানিয়েছেন, বাহিনীর একটি ‘অপারেশনাল মুভমেন্ট’ চলাকালে এই হামলা ঘটে। বিবৃহিততে তিনি বলেন, “আহত সদস্যদের চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।”

এই নিয়ে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার আসাম রাইফেলসকে লক্ষ্য করে হামলা হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। গত ৬ জুলাই মণিপুরের উখরুল জেলায় এক সন্ত্রাসী হামলায় ভারতের প্রাচীনতম এই আধা সমারিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছিলেন।

ঘটনাচক্রে, নাগাল্যান্ডের চুমৌকেদিমা এবং মণিপুরের উখরুল, দু’জেলাতেই নাগারা সংখ্যাগরিষ্ঠ। নাগাদের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী  ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএনের সঙ্গে যুদ্ধবিরতি চলছে ভারতের কেন্দ্রীয় সরকরের। তবে নাগাল্যান্ড এবং মণিপুর— উভয় রাজ্যে এনএসসিএন-বিরোধী কয়েকটি নাগা রাজনৈতিক গোষ্ঠীর তৎপরতা এখনও জারি আছে।

সোমবারের হামলার দায় অবশ্য এখন পর্যন্ত কোনো নাগা গোষ্ঠী স্বীকার করেনি।

চলতি বছরের মে মাসে মায়ানমার সীমান্ত লাগোয়া মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছিল। তার পরে এই নিয়ে মোট তিন বার হামলা হল ওই বাহিনীর উপর।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএমডব্লিউ