যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা ও পাল্টা হামলা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এখন নজিরবিহীন এবং অনিশ্চিয়তার দিকে যাচ্ছে। কখন কি হয় আন্দাজ করা কঠিন হচ্ছে। আর এমন অনিশ্চয়তার মধ্যেই ইরানের পিকঅ্যাক্স পাহাড়ে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রহস্যময়ী এই পিকঅ্যাক্স পাহাড়ে আছে ইরানের একটি পারমাণবিক কেন্দ্র।
পিকঅ্যাক্সে ট্রাম্পের হামলার হুমকির পর সেখানকার পারমাণবিক কমপ্লেক্সটির অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি ইরানের অন্যতম কঠোর নিরাপত্তাবেষ্টিত স্থাপনা।
স্থাপনাটির পেছনের রহস্য কি?
পিকঅ্যাক্স পাহাড়টি তেহরানের দক্ষিণ দিকে অবস্থিত। এটি নিরাপত্তার চাদরে মোড়া। সেখানে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। যেগুলো মাটির অনেক নিচে অবস্থিত। আর মাটির গভীরে অবস্থান হওয়ায় এই পারমাণবিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করা যাবে না।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, পারমাণবিক স্থাপনাটি সলিড গ্রানাইট পাথরের কয়েকশ মিটার গভীরে তৈরি করা হয়েছে। যেন শক্তিশালী বোমা ফেললেও সেই বোমার প্রভাব এটিতে না পড়ে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক ওয়েবসাইট আল-মনিটরের তথ্য অনুযায়ী, তাদের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান সেখানে একটি গোপন ও অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করতে চায়। যেটি তাদের ‘কৌশলগত প্রতিরক্ষা’ হিসেবে কাজ করবে।
ইরান ২০২০ সালে পিকঅ্যাক্স পাহাড়ে পারমাণবিক স্থাপনা তৈরি শুরু করে। ওই সময় থেকে দেশটি বলছে এখানে শুধুমাত্র উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ তৈরি করা হবে।
কী বলছেন ট্রাম্প
গতকাল এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা পিকঅ্যাক্স পাহাড়ে হামলা চালাতে যাচ্ছি। ইরানিদের বলুন প্রস্তুত হতে। আমরা পিকঅ্যাক্সে খুব কাছ থেকে নজর রাখছি। যদিও সেখানে আমরা কোনো কার্যক্রম দেখছি না। তারা তাদের পারমাণবিক কার্যক্রম ভালোভাবে চালাতে পারছে না। যখনই আমরা এ ব্যাপারে শুনি আমরা সেটি উড়িয়ে দেই। তাই তারা পিকঅ্যাক্স নিয়ে কথা বলতে চাই না। কিন্তু পিকঅ্যাক্সে আমরা সম্ভবত খুব শিগগিরই একটি হামলা চালাব।”
সূত্র: আলজাজিরা
এমটিআই
