বিজ্ঞাপন

হুঁশিয়ারি নেতানিয়াহুর

এবার আক্রান্ত হলে ইরানে কঠোর হামলা চালাবে ইসরায়েল

এবার আক্রান্ত হলে ইরানে কঠোর হামলা চালাবে ইসরায়েল

ইরান এবার হামলা চালালে অতীতের যেকোনও লড়াইয়ের চেয়েও বহুগুণ শক্তিশালী ও কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানকে ইসরায়েলে হামলা না করার বিষয়ে সতর্ক করে দিয়ে ওই হুমকি দিয়েছেন তিনি।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির ডিমোনা শহরে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইরানকে কঠোর প্রতিশোধের হুমকি দেন নেতানিয়াহু। তিনি বলেন, ‌‌‘‘সেই দিন শেষ হয়ে গেছে, যখন কেউ আমাদের আঘাত করতো আর আমরা তার দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানতাম না।’’

ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত পারমাণবিক চুল্লির কাছাকাছি এলাকায় ডিমোনা শহরের অবস্থান। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বলে ধারণা করা হয়। তবে ইসরায়েল তাদের এই পারমাণবিক শক্তির কথা কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করে না।

শত্রুদের নিরুৎসাহিত করা এবং আঞ্চলিক পারমাণবিক প্রতিযোগিতা এড়াতে এই ‘দ্ব্যর্থতাহীন’ কৌশল বজায় রেখে চলেছে ইসরায়েল।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হলেও গত সপ্তাহে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তবে এবারের এই উত্তেজনায় এখন পর্যন্ত ইসরায়েল ও ইরানের মাঝে সরাসরি কোনও হামলার ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। মার্কিন সামরিক বাহিনীর নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী।

সূত্র: রয়টার্স।

এসএস