বিজ্ঞাপন

ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা

ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে ইরান। এ অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন অবস্থানে হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনগুলো দ্বিতীয়বারের মতো জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে এফ-১৮ যুদ্ধবিমান রাখা এলাকা এবং বড় সরঞ্জাম হ্যাঙ্গারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের ঘাঁটিতে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, আজ সকালে বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। এতে এসব স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশজুড়ে ড্রোন প্রতিহত করার সময় বিকট শব্দ শোনা যাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় অবস্থিত পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে গার্ড জানিয়েছে, ‘নাসর-২’ অভিযানের চতুর্থ ধাপে ওই স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে আগুন ধরে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা 

এমবি