বিজ্ঞাপন

ভয়ে দরজা লক করে দেন নারী পুলিশরা, চিৎকার করতে করতে মারা গেলেন আহত যুবক

ভয়ে দরজা লক করে দেন নারী পুলিশরা, চিৎকার করতে করতে মারা গেলেন আহত যুবক

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নারী পুলিশ সদস্যদের সামনে চিৎকার করতে করতে মারা গেছেন এক যুবক। ওই সময় তার হাত থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হলেও তারা কেউ সহায়তায় এগিয়ে আসেননি।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৫ জুলাই) জানিয়েছে, রাজ কুমার নামে ২২ বছর বয়সী ওই যুবকের সঙ্গে এক অটোচালকের সঙ্গে মাত্র ২০ রুপি ভাড়া নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এরপর ওই অটোচালককে নিয়ে পুলিশের একটি বুথে আসেন তিনি। যেখানে নারী পুলিশ সদস্যরা ছিলেন।

রাজ কুমার এসে তার অভিযোগ সম্পর্কে জানান। কিন্তু বুথে থাকা নারী পুলিশরা তাকে নিকটস্থ থানায় যেতে বলেন, যেখানে পুরুষ পুলিশ সদস্য আছেন। এতে রাজকুমার ক্ষিপ্ত হয়ে ওই বুথের দরজায় সজোরে ধাক্কা দেন। ওই সময় নারী পুলিশরা ভয় পেয়ে বুথের ভেতরে ঢুকে দরজা লক করে দেন। তখন রাজকুমার বুথের একটি জানালায় হাত দিয়ে আঘাত করেন। এতে তার হাত কেটে প্রচুর রক্ত বের হতে থাকে।

পুলিশ জানিয়েছে, রাজকুমার ও ওই অটোচালক দুজনই ওই সময় মদ্যপ ছিলেন। ফলে তাদের আচরণে নারী সদস্যরা ভয় পেয়ে যান।

রাজকুমার গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য চিৎকার করতে থাকেন। দীর্ঘ ৪০ মিনিট এভাবে চিৎকার করে নিস্তেত হয়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ একজন জরুরি পরিষেবা নম্বরে ফোন করলে দুজন পুরুষ পুলিশ আসেন। তারা রাজকুমারকে একটি অটোতে করে নিতে চান। কিন্তু কোনো অটোচালক এতে রাজি হয়নি। ওই ঘটনার দেড় ঘণ্টা পর একটি অ্যাম্বুলেন্স এসে শেষ পর্যন্ত রাজকুমারকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

এমটিআই