নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনশনে বসেছিলেন ভারতের জলবায়ু ও মানবাধিকারকর্মী সোনাম ওয়াংচুক। টানা ২০ দিন অনশনের ফলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। বর্তমানে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াংচুক ২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের চরিত্র ফুনসুখ ওয়াংড়ুর চরিত্রে ব্যাপক পরিচিতি পান। গত ২৮ জুন থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনশন করছেন। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন। বিজেপির (ভারতীয় জনতা পার্টি) বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন শুরু হয়।
শনিবার সকালে দিল্লি পুলিশ ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ অনশনের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকাল ৭টা ৪০ মিনিটে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ অনশন ও পানিশূন্যতার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার আওতায় রাখা প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শে ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো বলেন, ওয়াংচুককে কোনো চিকিৎসা দেওয়ার আগে চিকিৎসকদের অবশ্যই তার ও পরিবারের সঙ্গে পরামর্শ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি দিল্লির সফদরজং হাসপাতালে আছি। এ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আমার, তার পরিবারের এবং গত ২০ দিন ধরে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে আসা চিকিৎসকদের অনুমতি ছাড়া তাকে মুখে বা শিরায় কোনো কিছু দেওয়া উচিত হবে না।
আংমো পিটিআইকে বলেন, গতকাল তিনি ভালোই ছিলেন। তাকে হাসপাতালে আনার কোনো প্রয়োজন ছিল না। সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী এটি আমার অধিকার।
অনশনের শুরু থেকেই চিকিৎসকেরা ওয়াংচুকের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছিলেন। তারা জানান, অনশনের কারণে তার ওজন আট কেজিরও বেশি কমে গেছে।
এ ঘটনার দুই দিন আগে দিল্লি হাইকোর্টের এক নির্দেশনায় বলা হয়, ওয়াংচুকের জীবন রক্ষায় ‘যা যা করা দরকার’, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ কেন্দ্রকে নিতে হবে।
সূত্র: এনডিটিভি
এমবি
