বিজ্ঞাপন

পরে ফেরত

অবৈধ বসবাসের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি আটক

অবৈধ বসবাসের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি আটক

ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের সুরাটে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে সেখানকার পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে ওই অভিবাসীদের আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে বলে শনিবার সুরাট পুলিশ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সুরাটে ‘অপারেশন ডেল্টা হান্ট’ নামের ওই অভিযানের আওতায় ১২ নারী, ৩ পুরুষ ও ১ শিশুসহ ১৬ আটক করেছে পুলিশ। সুরাট পুলিশের এক কর্মকর্তা বলেছেন, আটক বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফেরত পাঠানোর আগে গত প্রায় দেড় বছর ধরে তারা সুরাটে কাজ করছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

গুজরাট পুলিশ বলছে, সুরাট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার লক্ষ্যে চলমান বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃত বাংলাদেশিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তারা বিভিন্ন যানবাহনে করে সুরাটে পৌঁছান।

সুরাট গ্রামীণ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং লোকাল ক্রাইম ব্রাঞ্চের (এলসিবি) যৌথ দল ওই অভিযান পরিচালনা করেছে। সন্দেহজনক এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি ও যাচাই-বাছাইয়ে ওই ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, তাদের মোবাইল ফোন, ব্যাংকিং লেনদেন এবং বাংলাদেশে বিভিন্ন যোগাযোগের তথ্য গভীরভাবে পরীক্ষা করার পর এই দলটি যে অবৈধভাবে ভারতে অবস্থান করছিল, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ওই ১৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ।

সুরাট পুলিশের পরিদর্শক এল জি ওদেদরা বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‌‌এই অভিযান এখানেই থেমে থাকবে না। জেলায় বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে ‘অপারেশন ডেল্টা হান্ট’ চলবে।

সূত্র: ইটিভি ভারত।

এসএস