অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এ ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে তাসনিম জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। এ ছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস এবং নিকটবর্তী কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি।
তাসনিম আরও জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমবি
