বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। রোববার দুপুরের দিক থেকে ডেস্কটপে ফেসবুক ব্যবহারকারীরা লগইন করতে পারছেন না। এছাড়া ফেসবুকের নিউজফিড দেখা ও অন্যান্য ফিচারও ব্যবহার করা যাচ্ছে না। তবে মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করা যাচ্ছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।
দুপুর থেকে ‘সাইট ইস্যু’ নামের একটি ইন্টারফেস দেখানো হচ্ছে ব্যবহারকারীদের। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মেটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের ডেস্কটপ সংস্করণটি ব্যবহার করা যাচ্ছে না।
ব্যবহারকারীদের ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়' বলে দেখানো হচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে, সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহারযোগ্য নয়। আমরা আশা করছি শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।
ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টার ঠিক আগে ‘ফেসবুক ডাউন’ লিখে অনুসন্ধানের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।
স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৫ হাজারের বেশি ব্যবহারকারী বিভ্রাটের অভিযোগ জানিয়েছেন। কিছু মেটা ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক ব্যবহারকারী একটি খালি ফিড দেখতে পাচ্ছেন। সেখানে একটি বার্তায় লেখা রয়েছে, ‘আপনি যখন কাউকে ফলো করবেন, তাদের এখানে দেখা যাবে।’
সূত্র: ইয়াহু নিউজ
এমবি
