বিজ্ঞাপন

পশ্চিম তীরে মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন

পশ্চিম তীরে মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামের মসজিদে আগুন দিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রোববার রাতে ওই গ্রামের মসজিদের পাশাপাশি কারখানাতেও আগুন দেওয়া হয়েছে বলে ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক ওই স্থাপনার প্রবেশদ্বার পুড়ে যাওয়া এবং এর দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি স্প্রে করতে দেখেছেন।

২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলা বৃদ্ধির মাঝে এই ঘটনা ঘটেছে।

গ্রাম কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাবি এএফপিকে বলেছেন, রাতের বেলা মুখোশধারীসহ দুই ডজনেরও বেশি বসতি স্থাপনকারী আল-তুওয়ানি গ্রামের আল-তাকওয়া মসজিদে হামলা চালায় এবং এতে আগুন ধরিয়ে দেন।

তিনি বলেন, বসতি স্থাপনকারীরা দুটি বাড়ি এবং একটি দুগ্ধজাত পণ্যের কারখানায়ও আগুন ধরিয়ে দেন। হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি স্প্রে করেন।

রাবি বলেন, গ্রামবাসীরা তাদের ঘর থেকে বের হয়ে আসায় বসতি স্থাপনকারীরা পালিয়ে যান। স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন।

এএফপির সাংবাদিকের তোলা ছবিতে দেখা যায়, একটি শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি মসজিদের পুড়ে যাওয়া প্রবেশদ্বার ও জানালাগুলো ঘুরে ঘুরে দেখছেন। সেখানে একটি জায়নামাজের অংশও পুড়ে গেছে।

রাবি বলেন, মাসাফের ইয়াত্তা সম্প্রদায়ের নারীদের পরিচালিত ডেইরি কারখানাটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই হামলায় প্রাণহানির মতো কোনও মর্মান্তিক ঘটনা ঘটেনি।

ইসরায়েলি পুলিশ বলেছে, ওই গ্রামে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়ার পর গত রাতে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেখানকার একটি গাড়িতে অগ্নিসংযোগ, একটি ইবাদতখানার দরজার ক্ষতি করা এবং দেয়ালে গ্রাফিতি স্প্রে করার অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েলের পুলিশ। ফিলিস্তিনি মানবাধিকারকর্মী ওসামা মাখামরা বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর চোখের সামনেই বসতি স্থাপনকারীদের এই হামলা ঘটেছে। তিনি বলেন, আগুন দেওয়া মসজিদের কাছেই একটি ইসরায়েলি সামরিক ওয়াচটাওয়ার রয়েছে।

তবে রাবি বলেছেন, হামলার প্রায় আধা ঘণ্টা পর ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামে পৌঁছান এবং মসজিদ ও অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় এই অগ্নিসংযোগের ঘটনাকে ‌‌‘‘একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ড’’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে মাসাফের ইয়াত্তা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং এই সংঘাতকে ‘‘ধর্মীয় যুদ্ধে’’ রূপ দেওয়ার প্রচেষ্টায় বসতি স্থাপনকারীদের সহিংসতাকে উৎসাহিত করার জন্য ইসরায়েলের ‘‘চরমপন্থী দখলদার সরকারকে’’ দায়ী করা হয়েছে।

সম্প্রতি জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সমন্বয় সংস্থার (ওসিএইচএ) এক প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ওই এলাকায় প্রতিদিন গড়ে ছয়টি করে হামলা হচ্ছে; যার ফলে অনেক হতাহত কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে ৫ লাখের বেশি ইসরায়েলি বসবাস করেন। ইসরায়েলিরা ছাড়াও প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে বসবাস করে আসছেন। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল।

সূত্র: এএফপি।

এসএস