World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কেরালায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কেরালায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যেন কাঁপছে ভারতের কেরালা রাজ্য। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপলক্ষে সোমবার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বহুলপ্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচের গভীর রাতের সময়সূচি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেরালা রাজ্য সরকার জানিয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন, রাজ্য সরকারের ঘোষিত এই ছুটি পেশাদার কলেজসহ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিশ্বকাপ ফাইনালের এই অস্বাভাবিক সময়সূচির সঙ্গে শিক্ষার্থী ও কর্মীরা যাতে মানিয়ে নিতে পারেন, সেই লক্ষ্যে কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান আগামীকাল (সোমবার) রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

অনেক শিক্ষার্থী রাত জেগে বিশ্বকাপের হাই-ভোল্টেজ এই ম্যাচ দেখবে, এমন প্রত্যাশার কথা জানিয়ে রাজ্যের বিরোধী দলীয় নেতা ও অন্যদের পক্ষ থেকে ছুটি ঘোষণার দাবি তোলা হয়েছিল। এবার সেই দাবির মুখে রাজ্য সরকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরদিন সেখানকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কেরালার সাবেক শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি বলেছিলেন, মধ্যরাত পেরিয়ে শেষ হওয়া ম্যাচের পর সকালে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়া কঠিন হতে পারে।

তবে নিয়মিত ক্লাস স্থগিত থাকলেও আগে থেকে নির্ধারিত সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। রাজ্য সরকার বলেছে, এই ধরনের পরীক্ষা বিদ্যমান সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে; যাতে শিক্ষাবর্ষের সূচিতে কোনো ব্যাঘাত না ঘটে।

ছুটি সংক্রান্ত সরকারি আনুষ্ঠানিক আদেশ শিগগিরই জারি করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কেরালা ঐতিহ্যগতভাবেই ফুটবলের প্রতি প্রবল উৎসাহের সাক্ষী, যেখানে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো প্রায়ই রাজ্যজুড়ে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এসএস