বিজ্ঞাপন

নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়া’, সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়া’, সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ মেনে নিয়ে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী লরেন্স উওং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে প্রধামন্ত্রী বলেছেন, “তাদের বেশিরভাগ মিথস্ক্রিয়া বা যোগাযোগ হতো অনলাইনে; প্রায়েই বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে তারা সাক্ষাতও করতেন।”

“পরে তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ আনেন। পুলিশ ইতোমধ্যে তাদের অভিযোগের তদন্ত শেষ করেছে”, বিবৃতিতে বলেছেন উওং।

উল্লেখ্য, ১৯৬৫ সালের আগস্টে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পরের বছর ১৯৬৬ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসে সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপল’স অ্যাকশন কমিটি (পিএপি)। তারপর থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে আসছে দলটি।

পিএপি নিজেদের বরাবরই ‘সাদার চেয়েও সাদা’ বলে গর্ববোধ করলেও সাম্প্রতিক বছরগুলোতে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ২০২৩ সালে দুর্নীতি এবং একজন আইনপ্রণেতার সঙ্গে অবৈধ সম্পর্কে দোষী সাব্যস্ত হয়েছিলেন সিঙ্গাপুরের তৎকালীন পরিবহনমন্ত্রী এস. ঈশ্বরণ।

মন্ত্রণালয়ের পাশপাশি পিপলস অ্যাকশন পার্টি থেকেও পদত্যাগ করেছেন ফয়াসল ইব্রাহিম। ২০০৬ সালে প্রথমবার এমপি হন ফয়সাল, মন্ত্রণালয়ের দায়িত্ব পান ২০২৫ সালে।

সোমবারের বিবৃতিতে লরেন্স উওং বলেছেন, “তদন্তে জানা গেছে, ওই নারীর সঙ্গে ফয়সাল কোনো অপরাধমূলক আচরণ করেননি। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপও নেবে না সরকার। তবে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কারো সঙ্গে এমন মিথস্ক্রিয়াায় জড়িয়ে পড়া ফয়সালের পদ ও পদবীর সঙ্গে সঙ্গতিপূর্ণ কি-না— তা নিশ্চিতভাবেই প্রশ্নসাপেক্ষ।”

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

এসএমডব্লিউ

 

বিজ্ঞাপন