বিজ্ঞাপন

রুদ্ধদ্বার বৈঠকের পর সিজেপিকে বার্তা দিল কেন্দ্রীয় সরকার

রুদ্ধদ্বার বৈঠকের পর সিজেপিকে বার্তা দিল কেন্দ্রীয় সরকার

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকের পর তিনি প্ল্যাটফর্মটির প্রতি চলমান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তিনি এ অনুরোধ জানান।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে নাড্ডা বলেন, আজ সকালে বিক্ষোভকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্ল্যাটফর্মটি নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

তিনি বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। এরপর বেলা ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা শুরু হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত প্রাথমিক মৌখিক আলোচনা হয়েছে। তারা বিকেল ৪টার দিকে আমার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।’

ভারতের এ মন্ত্রী বলেন, ‘আমি সব বিক্ষোভকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেছি।’

দিল্লি পুলিশও বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখতে, সংযম প্রদর্শন করতে এবং আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জনগণকে যেকোনো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব, ভুল তথ্য বা যাচাইবিহীন তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে নিয়ে নাড্ডার বাসভবনে প্রায় ১০ মিনিট বৈঠক করেছেন। এ সময় তারা দাবিদাওয়া-সংবলিত একটি লিখিত আবেদন জমা দেন।

পোস্টে তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি-দাওয়া জানিয়ে একটি লিখিত চিঠি জমা দিয়েছি। মন্ত্রী আমাদের বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ মহলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা ঘরে ফিরবে না।’

সূত্র:  এনডিটিভি

এমবি