বিজ্ঞাপন

কর্মসূচিতে অনড় সিজেপি, সতর্ক অবস্থানে পুলিশ

কর্মসূচিতে অনড় সিজেপি, সতর্ক অবস্থানে পুলিশ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর পুনর্দখল করেছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। প্ল্যাটফর্মটির কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিনব্যাপী বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যন্তর মন্তর থেকে মঞ্চ ও তাঁবু সরিয়ে ফেলা হয়। পরে মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা স্থানটি পুনর্দখল করে।

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার ভোর থেকেই বিক্ষোভকারীরা যন্তর মন্তরে আসতে শুরু করেন। বর্তমানে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও আরএএফ সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার সংসদ অভিমুখে বিক্ষোভ চলাকালে রাজধানীতে নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। এ সময় হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। এর ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

একপর্যায়ে সংসদের খুব কাছাকাছি চলে আসা জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে ১০০ জনের বেশি পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হন।

পুলিশ জানিয়েছে, সোমবারের মিছিল চলাকালে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা ‘বেপরোয়া, আক্রমণাত্মক ও সহিংস’ আচরণ করেছেন। বারবার সতর্কবার্তা ও আইনানুগ নির্দেশনা দেওয়া সত্ত্বেও তারা অনড় থেকে নির্দেশনা অমান্য করেন।

অন্যদিকে, বিক্ষোভকারীরা ‘সংসদ চলো’ মিছিল চলাকালে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সোমবার বিকেলে তাঁর বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি তাঁদের দাবি শোনেন এবং প্রতিবাদ বন্ধ করার আহ্বান জানান।

সিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তিনটি দাবি পেশ করেছে। এগুলো হলো— সোনাম ওয়াংচুকের চলাচলে কোনো বিধিনিষেধ ছাড়াই মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা সব নিট পরীক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।

বৈঠকের পর দলের মুখপাত্র সৌরভ দাস বলেন, মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ঘরে ফিরবেন না।

সূত্র:  এনডিটিভি

এমবি