ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে পুলিশের অভিযানে আহত এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, রাজধানীতে সোমবারের বিক্ষোভে মোট ৯০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ওই তরুণীও রয়েছেন। সোমবার যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন অভিযানের সময় তিনি একটি ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খান।
সিজেপির ‘সংসদ চলো’ পদযাত্রা চলাকালে পুলিশ ব্যারিকেড দিলে বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় হাজার হাজার সমর্থক ও শিক্ষার্থী যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পরীক্ষায় অনিয়ম এবং নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।
দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে ১১৮ জনের বেশি পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ সময় ২০টিরও বেশি পুলিশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মঙ্গলবার রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া তাঁদের চিকিৎসার বিষয়ে আরএমএল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
এদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এ ধরনের প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা একটি জাতীয় দায়িত্ব।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এ তথ্য জানিয়েছেন।
রিজিজু বলেন, প্রধানমন্ত্রী একটি ত্রুটিহীন পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, আইন প্রণয়নসংক্রান্ত কাজে সমর্থন জানাতে এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার এবং বিরোধী দলগুলোর প্রতি সংসদে গঠনমূলকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুবসমাজের কল্যাণে কাজ করার যৌথ দায়িত্ব সব সংসদ সদস্যেরই রয়েছে।
সূত্র: এনডিটিভি
এমবি
