ইরান যদি হরমুজ প্রণালিতে আর কোনো জাহাজে হামলা চালায় তাহলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ হুমকির পর পাল্টা হুমকি দিয়েছে ইরান।
দেশটি বলেছে, যদি তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের একই রকম স্থাপনা টার্গেট করা হবে।
বার্তাসংস্থা তাসনিম নিউজকে ইরানের সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। এছাড়া হরমুজ প্রণালিকে ব্যবহার করে কাউকে ইরানের জন্য হুমকি তৈরি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সেনাবাহিনীর সূত্রটি বলেছেন, “হরমুজ প্রণালীর ওপর নিজের সার্বভৌমত্ব বজায় রাখতে ইরান অবিচল। এই প্রণালি যেন ভবিষ্যতে আবার কখনোই ইরানের জন্য যেন হুমকি হয়ে না দাঁড়ায়, তা ইরান যেকোনো মূল্যে নিশ্চিত করবে।”
ইরানে নতুন করে ৫৩ জন নিহত
নতুন করে সংঘাত শুরুর পর গত ২৭ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ইরানে ৫৩ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে তিন শিশুও আছে।
আজ বুধবার এ তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি ভেস্তে যাওয়ার পর ৫৩ জন নিহত হওয়ার পাশাপাশি মার্কিনিদের হামলায় আরও ৫৯০ জন আহত হয়েছেন।
অপরদিকে গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানের হামলায় অন্তত ১৮ মার্কিন সেনা নিহত ও কয়েকশ সেনা আহত হয়েছেন।
সূত্র: তাসনিম নিউজ, আলজাজিরা
এমটিআই
