বিজ্ঞাপন

সৌদির ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা জারি, বিপদের আশঙ্কা

সৌদির ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা জারি, বিপদের আশঙ্কা

সৌদি আরবের ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বন্দরনগরীতে হামলার পর এ সতর্কতা জারি করা হয়। সম্ভাব্য বিপদের আশঙ্কায় কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

শনিবার (২৫ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ শনিবার পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশের বাসিন্দাদের আগাম সতর্কবার্তা দিয়েছে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কতাটি জারি করা হয়েছিল। তবে সতর্কবার্তায় সম্ভাব্য হুমকির কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

পরবর্তী এক হালনাগাদে জানানো হয়েছে, বিপদ কেটে গেছে। ফলে সতর্কতাটি আর কার্যকর নেই। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট শুক্রবার গভীর রাতে জানায়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পর তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ বন্দরনগরীতে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে।

জোটটি বলেছে, অভিযানে হোদাইদাহ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি এবং ইয়েমেনের সব বন্দর সামুদ্রিক যান চলাচলের জন্য খোলা রয়েছে। অন্যদিকে, হুথিরা কামারান দ্বীপ এবং হোদাইদাহর টেলিযোগাযোগ স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমবি