জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি হামলা চালিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। এতে এখন পর্যন্ত অন্তত একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। যারমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাইড প্যারেড নামে ওই মিছিলে গাড়ি তুলে দেওয়া হয়। এরপর ওই গাড়িচালক গাড়ি নিয়ে পালিয়ে যান। যা পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বার্লিং জেইতুং নামে সংবাদমাধ্যমের সাংবাদিক ইভা ব্রাউনগার্ট এই হামলার ব্যাপারে বিবিসিকে বলেছেন, হামলার আগে তিনি ওই মিছিলে ছিলেন। এরপর চলে আসেন। কিন্তু পরবর্তীতে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে তার কথা হয়। তারা জানিয়েছেন, একটি গাড়ি অত্যন্ত গতি নিয়ে মানুষের ওপর ওঠে যায়। তখন আশপাশের মানুষ চিৎকার শুরু করেন। অনেকে জীবন বাঁচাতে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেন।
পুলিশ জানিয়েছে, এ হামলার সঙ্গে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে তারা খুঁজছে। পুলিশ আরও জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার দিকে একটি সাদা রঙের গাড়ি তিয়ারগার্টেন পার্কে আহোরেনস্টেইগ সড়কে এই হামলার ঘটনা ঘটায়।
এ হামলার পরই সবাইকে এলাকাটি থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সমকামীদের সেই মিছিলও বাতিল করা হয়।
সূত্র: বিবিসি
এমটিআই
