পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন এক পাষণ্ড স্বামী। ওই নারীকে ফাঁসিতে ঝোলানোর পর নিজের জীবনের জন্য ছটফট করছিলেন তিনি। তবে তার ফাঁসি খুলে না দিয়ে নিজের শশুর-শাশুড়িকে ভিডিও কল দেন ওই স্বামী। তখন নিজের মেয়েকে সরাসরি মরতে দেখেন তারা।
ভয়াবহ এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে। এছাড়া ওই ঘটনার ভিডিও ধারণ করে অন্যান্য আত্মীয়-স্বজনকেও পাঠিয়েছেন ওই স্বামী।
সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৮ জুলাই) জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। মাত্র ২৩ বছর বয়সী ওই নারীর নাম বাগশ্রি জিগালুর। তার পাষণ্ড স্বামীর নাম প্রবীন জিগালুর। কর্ণাটকের বাগালকোট জেলায় ঘটে এ ঘটনা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবীন তার স্ত্রীকে প্রথমে কাঠের গুড়ি দিয়ে আঘাত করেন। এরপর তার গলায় ফাঁস লাগান।
পুলিশ জানিয়েছে, বাগশ্রি যখন নিশ্বাসের জন্য ছটফট করছিলেন তখন প্রবীন ওই মুহূর্তের ভিডিও করেন। এরপর বাগশ্রির বাবা-মাকে ভিডিও কল দেন এবং তাদের নিজ মেয়ের নির্মম মৃত্যু দেখতে বাধ্য করেন। এরপর একাধিক মানুষের কাছে ওই ভিডিও পাঠান।
স্বামীর সঙ্গে দ্বন্দ্ব থাকায় গত দুই মাস ধরে নিজ বাড়িতে চলে গিয়েছিলেন বাগশ্রি। এরপর প্রবীন শশুর বাড়িতে গিয়ে বাগশ্রিকে বোঝান সব সমস্যা দূর হয়ে যাবে এবং তারা একসঙ্গে থাকতে পারবেন। এ কথা বলে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন প্রবীন। আর ওইদিন সন্ধ্যাই তাকে হত্যা করেন তিনি।
ভিডিওতে দেখা গেছে বাগশ্রির গলায় একটি সবুজ রঙের ওড়না পেঁচিয়ে তাকে ফাঁস দিচ্ছেন প্রবীন।
পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যায় এবং প্রবীনকে গ্রেপ্তার করে।
সূত্র: এনডিটিভি
এমটিআই
