বিজ্ঞাপন

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’, ভারতের পার্লামেন্ট তর্কাতর্কি

শিক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’, ভারতের পার্লামেন্ট তর্কাতর্কি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে হওয়া আন্দোলনের পর শিক্ষাব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এর অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিতে থাকা এক সদস্যকে নিয়ে দেশটির পার্লামেন্টে তর্কাতর্কি হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভারতীয় পার্লামেন্টে পাবলিক পরীক্ষা সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা হয়। সেখানে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে গঠন করা কমিটি নিয়ে কথা বলেন বিরোধী দলের অন্যতম নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, শিক্ষার সংস্কারের জন্য আগেও রাধাকৃষ্ণ নামে একটি কমিটি করা হয়। তবে এটির দেওয়া সুপারিশের একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, নতুন কমিটি যে গঠন করা হয়েছে সেটিও কাজে দেবে না। কারণ এ কমিটিতে উপযুক্ত ব্যক্তিরা নেই।

যদিও প্রিয়াঙ্কা সরাসরি কারও নাম বলেননি। তবে গোমূত্র বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রফেসর ভি কামাকোতিকে বুঝিয়েছেন। প্রফেসর কামাকোতি আইআইটি মাদ্রাজের পরিচালক। নবগঠিত ছয় সদস্যের কমিটিতে তিনি আছেন।

প্রিয়াঙ্কা বলেন, “মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে, প্রধানমন্ত্রীর হয়ত (শিক্ষা সংস্কার কমিটির) উপদেষ্টা পরিবর্তন করা উচিত। নতুন কমিটি কাজে দেবে না, এটির সভাপতি যিনিই হোক না কেন।”

“এরআগে রাধাকৃষ্ণ কমিটিও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই কমিটির একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি। আর নতুন কমিটিতে আছেন একজন সাবেক আইবি প্রধান, যিনি এটি আইটি কোম্পানির মালিক। এছাড়া কমিটিতে একজন গোমূত্র বিশেষজ্ঞও আছেন।”

তার এ বক্তব্যের পর বিজেপি এমপি অনুরাগ ঠাকুরসহ অন্যান্যরা প্রতিবাদ জানান। তারা হট্টগোল ও বিরোধী এমপিদের সঙ্গে তর্কাতর্কি করেন।

এদিকে ২০২৫ সালে প্রফেসর কামাকোতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বলেছিলেন, গোমূত্র মানবদেহের জন্য উপকারী। এটির ওষুধি ক্ষমতা আছে।

তিনি দাবি করেন, বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করে এর পক্ষে গবেষণাপত্রও প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

এমটিআই