ইউক্রেনের চর্নমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে আছে ১৫ জন নাবিক। যারমধ্যে ১৩ জনই ভারতীয়। তারা কৃষ্ণ সাগরের এমন জায়গায় আছেন যেখানে অব্যাহতভাবে ড্রোন ও মিসাইল হামলার ঘটনা ঘটছে। আশঙ্কা করা হচ্ছে তারাও যে কোনো সময় হামলার কবলে পড়তে পারেন।
ভারতীয় নাবিকদের সংগঠন ‘সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া’ সতর্ক করে বলেছে, এই নাবিকরা ‘ভয়াবহ এবং নিহত হওয়ার ঝুঁকিতে’ আছেন। কৃষ্ণ সাগরে রাশিয়া ও ইউক্রেনের লড়াই অব্যাহত থাকায় তারা যে কোনো সময় সরাসরি হামলার শিকার হতে পারেন।
জাহাজটির নাম এমভি আমির-১ বলে জানিয়েছে ‘সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া’। এছাড়া তারা একটি ভিডিও-ও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে জাহাজের একটি দূরের জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এতে করে ওই বন্দরের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ফুটে উঠেছে।
এখন পর্যন্ত কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওই জাহাজের মালিক কর্তৃপক্ষ ভারতীয় নাবিকদের আটকে থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বিশ্বে যত নাবিক আছেন তার বড় একটি অংশ ভারতীয়। গভীর সমুদ্রে চলা বেশিরভাগ জাহাজেই ভারতীয়দের দেখা যায়।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান ও ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো অংশ না হওয়া সত্ত্বেও হামলার শিকার হয়ে এখন পর্যন্ত প্রায় ২০ ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
সূত্র: এনডিটিভি
এমটিআই
