আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র— এই ৭টি দেশে ২০২৫ সালে ইহুদিদের লক্ষ্য করে বিদ্বেষজনিত কারণে যত হামলা ঘটেছে, সেসবের হার ছিল গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
ইসরায়েলের বাইরে বিশ্বজুড়ে যত ইহুদি ধর্মাবলম্বী রয়েছেন, তাদের ৯০ শতাংশই বসবাস করেন এই ৭ দেশে। এই ৭ দেশভিত্তিক ইহুদিদের স্বার্থরক্ষাকারী সংস্তা জি ৭ টাস্কফোর্স অ্যাগেইনস্ট অ্যান্টিসেমিটিসিজম গতকাল এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন।
এছাড়া গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের হানুক্কাহ উৎসবে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছিলেন ১৫ জন ইহুদি ধর্মাবলম্বী।
এছাড়া এই ৭ দেশের প্রতিটিতেই ২০২৫ সালে ইহুদিদের লক্ষ্য করে একাধিক হামলা ঘটেছে বলে দাবি করেছে জি৭ টাস্কফোর্স।
বিবৃতিতে এই ৭ দেশের সরকারের সমালোচনা করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, “এই ৭ দেশের সরকারের ভাবগতিক দেখে মনে হচ্ছে যে ইহুদি বিদ্বেষ বা ইহুদিদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ হামলা এখন আর অপরাধ নয়, বরং নিও নর্মাল বাস্তবতা।”
আরও বলা হয়, “সরকার সবসময় (ইহুদিদের ওপর) হামলা হওয়ার পর সক্রিয় হয়; কিন্তু প্রকৃতপক্ষে সরকারের উচিত হামলা প্রতিরোধ করতে পদক্ষেপ নেওয়া।”
প্রসঙ্গত, ১৯৯৪ সালের জুলাই মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে আর্জেন্টাইন ইহুদিদের সংস্থা অ্যাসোসিয়েশন মিউচ্যুয়াল ইসরায়েলিটা আর্জেন্টিনার (এএমআইএ) দপ্তর ভবনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন ৮৫ জন, আহত হয়েছিলেন আরও ৩০০ জন। এতদিন পর্যন্ত এটিকেই প্রবাসী ইহুদিদের লক্ষ্য করে ঘটা সবচেয়ে বড় হামলা বলে বিবেচনা করা হতো।
মঙ্গলবারের বিবৃতিতে জি ৭ টাস্কফোর্স দাবি করেছে, প্রবাসী ইহুদিদের জন্য ২০২৫ সাল ছিল ১৯৯৪ সাল এবং তার পরবর্তী ৩০ বছরের চেয়েও ভয়াবহ।
সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট
এসএমডব্লিউ
