বিজ্ঞাপন

জর্ডানে হামলা চালিয়ে ৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

জর্ডানে হামলা চালিয়ে ৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে চালানো হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার ভোরের দিকের ওই হামলায় মার্কিন তিনটি এফ-৩৫ যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, জর্ডানে বিমানঘাঁটিতে ইরানের সামরিক বাহিনীর হামলায় আমেরিকার তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া আরও অন্তত তিনটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষতি হয়েছে।

তেহরান বলেছে, কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে জর্ডানের ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।

তবে ইরানের এই হামলায় সেখানে ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

যদিও জর্ডান সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘‘বৃহস্পতিবার ভোরের দিকে ইরান থেকে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তীতে আমাদের নির্ধারিত প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করা হয়েছে।’’

চলতি মাসের শুরুর দিকেও জর্ডানের এই আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করছে।

কয়েক দিনের সাময়িক বিরতির পর বুধবার রাতে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর আগের হামলার জবাবে এবার ইরানে ‘ভারী’ বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন করে দুই দেশের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা বৃহস্পতিবার বলেছেন, উত্তেজনা কমানোর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

এসএস