বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনী বিদায় না নিলে অস্ত্র সমর্পন নয় : গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী

ইসরায়েলি বাহিনী বিদায় না নিলে অস্ত্র সমর্পন নয় : গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের আগ পর্যন্ত অস্ত্র সমর্পন করবে না উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির অন্যতম মুখপাত্র এবং আলোচক দলের সদস্য গাজী হামাদ।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজী হামাদ বলেছেন, “ইসরায়েলি সেনারা গাজা থেকে সম্পূর্ণ বিদায় হওয়ার আগ পর্যন্ত অস্ত্র সমর্পণের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না হামাস।”

“আরেকটি কথা হলো, অস্ত্র সমর্পণের পুরো প্রক্রিয়া ফিলিস্তিনের কোনো জাতীয় কমিটির দ্বারা পরিচালিত হতে হবে। এ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকতে পারবে না।”

গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প ঘোষণা দেন, বৃহস্পতিবার কায়রোতে এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিসর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় অস্ত্র সমর্পণ চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়েছে হামাস। ট্রুথ সোশ্যাল পোস্টে হামাসের চুক্তি স্বাক্ষরে রাজি হওয়াকে ‘অবিস্মরণীয় পদক্ষেপ’ বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেইসঙ্গে হামাসকে এই পর্যায়ে ‍নিয়ে আসার জন্য মিসর, কাতার ও তুরস্কের উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প এই পোস্ট করার পর এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে হামাসের সঙ্গে যোগাযোগ করা হলে গাজি হামাদ এসব তথ্য জানান আলজাজিরা। তিনি আরও দাবি করেন— হামাস অস্ত্র সমর্পণ চুক্তির খসড়া হাতে পেয়েছে, কিন্তু স্বাক্ষরের ব্যাপারে এখনও মধ্যস্থতকারীদের কিছু জানায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে ২৫০ জনকে।

সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে পরের দিন ৮ অক্টোবর থেকৈ গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই বছরের সেই অভিযানে গাজায় নিহত হন ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

পরে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাব মেনে নিয়ে  ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। এখনও সেই যুদ্ধবিরতি চলছে।

সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ