দেশের সব সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি (সিসি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত মাসিক প্রতিবেদন নিয়মিতভাবে অধিদপ্তর ও সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, গত ১৩ জুলাই অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় দেশের সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ থাকার সময় ছাত্রাবাস থেকে কয়েকটি বৈদ্যুতিক পাখা (ফ্যান) চুরির ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি হলেও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সব প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৩০ জুলাই কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
নির্দেশনাটি দেশের সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুরের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে একই সমন্বয় সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাঠপর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে দেয়াল পত্রিকা প্রকাশ, স্বাস্থ্য সচেতনতা ও জীবনধারা বিষয়ক ‘হেলথ ক্যাম্প’ আয়োজন এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষকের জন্য ট্যাব সরবরাহের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ট্যাবের মানসম্মত সাধারণ স্পেসিফিকেশন চূড়ান্ত করে দ্রুত অনুমোদনের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
আরএইচটি/এমটিআই
