বিজ্ঞাপন

হুথিদের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সৌদি আরামকো

হুথিদের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল সৌদি আরামকো

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন এইচ. নাসের বলেন, গোষ্ঠীটির হামলা তেল উৎপাদনে কোনো প্রভাব ফেলেনি। মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিন এইচ. নাসের বলেন, ‘হুথিদের হামলা আমাদের সক্ষমতার ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।’ তিনি বলেন, জুলাই মাসে লোহিত সাগর উপকূল এবং অন্যান্য স্থানে কোম্পানির কার্যক্রমকে লক্ষ্য করে চালানো হামলায়ও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধজনিত কারণে সরবরাহ ব্যাহত হওয়া সত্ত্বেও দ্বিতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়া সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটি উল্লেখযোগ্য মুনাফা করেছে।

বিশ্বের বৃহত্তম এই তেল কোম্পানিটি এপ্রিল থেকে জুনের মধ্যে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করেছে। এর পেছনে পরিশোধিত ও রাসায়নিক পণ্যের পাশাপাশি অপরিশোধিত তেলের উচ্চমূল্যকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরবের সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে তেল উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ৮ শতাংশ কমেছে।

এদিকে গত ৩০ জুলাই এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে।

অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্তকারী কৌশলগত সামুদ্রিক করিডোরের অন্তর্ভুক্ত তিনটি জলপথে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে।

আল জাজিরা জানিয়েছে, এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। কারণ, এ পথ দিয়ে আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হতো। এ ছাড়া সাম্প্রতিক উত্তেজনার জেরে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা বাব আল-মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগরীয় নৌপথে বারবার হামলা চালিয়ে আসছে।

সূত্র: আল জাজিরা 

এমবি