বিজ্ঞাপন

দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, ১২ যাত্রী আহত

দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, ১২ যাত্রী আহত

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি গামী একটি বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিমানের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির মুখে পড়ে। এ সময় বিমানের দুই ক্রু সদস্যসহ অন্তত ১২ জন যাত্রী আহত হন। ঝাঁকুনির কারণে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই৩৭৯ উড্ডয়নের সময় স্বল্পস্থায়ী টার্বুলেন্সের সম্মুখীন হয়। এর ফলে হঠাৎ বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে। এ ঘটনার পর যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমেছেন। ফ্লাইটটিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী ও ক্রু সামান্য আহত হয়েছেন। তাদের এয়ার ইন্ডিয়ার উদ্ধারকারী ও চিকিৎসা দল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে।

অবতরণের পর যাত্রীরা জানান, বিমানটির উচ্চতা হঠাৎ কমে যেতে শুরু করে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

এক যাত্রী বলেন, ‘বিমানটির উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা বিমানের ছাদে আঘাত করে। এরপর আমি আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।’ প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কয়েকজন যাত্রী শরীর ও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। পাশাপাশি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি।’

সূত্র: এনডিটিভি

এমবি