ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের এক বাসিন্দার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গত জুলাইয়ে ওই অঞ্চলে সংঘটিত এক প্রাণঘাতী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই ফিলিস্তিনির বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৪ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথ গত মাসে পশ্চিম তীরের তেল গ্রামে এক প্রাণঘাতী সংঘর্ষের সময় গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভেঙে ফেলার আদেশে স্বাক্ষর করেছেন।
গত ২৪ জুলাই তেল গ্রামের ফারুক রমজান নামের এক বাসিন্দা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান। এ সময় গ্রামবাসীরা ওই এলাকা দিয়ে যাওয়া একদল ইসরায়েলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আইডিএফের সদস্য মাস্টার সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) বেনায়াহু মেলেত (৩২) এবং আইডিএফ কর্মকর্তা মেজর ইউভাল এজরা (২৭) নিহত হন। এ সময় হামলাকারীসহ চার ফিলিস্তিনি নিহত হন।
আইডিএফ জানিয়েছে, ব্লুথ রমজানের বাড়ি বাজেয়াপ্ত ও ভেঙে ফেলার আদেশে স্বাক্ষর করেছেন। গত সপ্তাহেই সেনাবাহিনী তার বাড়িটি সিলগালা করে দিয়েছিল।
রমজানের পরিবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। তবে আইডিএফ তা প্রত্যাখ্যান করেছে। পরিবারটির এখনও এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ ধরনের আপিল খুব কম ক্ষেত্রেই সফল হয়। তবে কিছু ক্ষেত্রে আদালত বাড়ি ভাঙার আদেশ সীমিত করতে পারেন। অর্থাৎ, অভিযুক্ত ব্যক্তি যে অংশ ব্যবহার করতেন, কেবল সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিতে পারেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমবি
